
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
১৮ জুন (বৃহস্পতিবার) বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু জাফর আল মুনছুর (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আবু জাফর আল মুনছুর রাজশাহী চিনিকল এলাকার পবা থানার হরিয়ানদহ গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঠাকুরগাঁও থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাগিনার পরীক্ষার খোঁজ নিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর প্রথমে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দশমাইল হাইওয়ে থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Reporter Name 




























