
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামালপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) জামালপুর জেলা বিএনপির উদ্যোগে এই বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাদকবিরোধী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-০৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “মাদক একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতে হবে। বিএনপি সবসময় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির পুরো সঞ্চালনায় ছিলেন জামালপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।
র্যালিতে জেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
Reporter Name 

























