
মোঃ আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিএসসি-১ (বরিশাল)। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার দক্ষিণ পাশে তালুকদারহাটগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পিরোজপুর জেলা প্রতিনিধি মহাদেব বিশ্বাস (৪০) নিহত হন। তিনি মাগুরা সদর উপজেলার ধলেশ্বরগাতি গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালককে শনাক্ত করে মামলায় এজাহারভুক্ত করা হয়।
র্যাব-৮ জানায়, পলাতক আসামি মোঃ সিয়াম খন্দকার মারুফ (১৯), পিতা: মো. সিরাজুল হক, গ্রাম: গালুয়া দুর্গাপুর, থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, কোম্পানি কমান্ডার, সিপিএসসি-১, র্যাব-৮ (বরিশাল)-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, ৯ জুলাই, বৃহস্পতিবার, ঝালকাঠি রাজাপুর কলেজ মোড় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্তে জানা যায়, ঘটনার দিন সিয়াম মারুফ তার মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে রং সাইড দিয়ে এসে মহাদেব বিশ্বাসের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেন। এতে মহাদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
Reporter Name 






















