
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এতে জেলার ১২টি উপজেলা থেকেই বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে ১২টি উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মো. সুহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রধান সাক্ষী হওয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে টার্গেট করা হয়েছে। স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দিয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একজন বীরের সন্তান। তাঁর বাবা বীর উত্তম। একজন বীর উত্তমের সন্তান দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে – এটা মেনে নেওয়া যায় না।
তারা বলেন, ১৯৭১ সালে সকল ধর্ম-বর্ণের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী লড়াই, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল-সবুজের বাংলাদেশ অর্জিত হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পর এসেও যখন একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানজনকভাবে দাফন করতে বাধা দেওয়া হয়, তখন তা গোটা জাতির জন্য লজ্জাজনক।
অবিলম্বে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাদানকারী এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে মুক্তিযোদ্ধা ও সন্তানদের ঢলে সুনামগঞ্জ শহর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মিছিল থেকে স্লোগান দেওয়া হয়-
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
Reporter Name 






















