সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
কারাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কারাবন্দীদের মানবিক আচরণ এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহনাজ বেগম।
সারাদেশের কারাগারগুলোর মধ্যে কর্মদক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত ২৭ আগস্ট ২০২৫ ঢাকার আইজিপি প্রিজন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি প্রিজন সৈয়দ মোতাহার হোসেন-এর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। ওইদিন সারাদেশের মধ্যে মাত্র ৩ জন জেলারকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির পর সাংবাদিকদের শাহনাজ বেগম বলেন,
“বিভিন্ন অপরাধে যারা কারাগারে আসেন তাদের মানসিক অবস্থা তখন খুবই ভেঙে পড়ে। তাদেরকে আমরা পরিবারের সদস্যের মতো দেখি। আমাদের দায়িত্ব হলো তারা যেন মানসিক শান্তি পায়, অশান্তিতে না ভোগে। সুনামগঞ্জ কারাগারের সকল কারারক্ষীকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”
তিনি আরও জানান, কারাগারে আগের নিম্নমানের খাবারের পরিবর্তে এখন উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত কারাগার গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। যারা সাজাপ্রাপ্ত হয়ে আসেন তাদেরকে সঠিক পথে ফেরার পরামর্শও দেওয়া হয়।
উল্লেখ্য, শাহনাজ বেগম গত ১ অক্টোবর ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তিনি কারাগারের পরিবেশ ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
Reporter Name 




























