সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নৃত্যম নৃত্যালয়ের আয়োজনে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।
শনিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী পাবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত কথক নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও প্রশিক্ষক মুনমুন আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাড. হাফিজা আহমেদ, অ্যাড. শামীম আশরাফ, সংগঠনের উপদেষ্টা লেখক ও গবেষক সুখেন্দু সেন, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং নৃত্যম নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অহনা এষ্য।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৮০ জন নৃত্যশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সংগঠনটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এমন কর্মশালার আয়োজন করে সফলতা পেয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রশিক্ষক মুনমুন আহমেদ বলেন, “যেকোনো শিল্পচর্চায় ধারাবাহিকতা থাকা জরুরি। নৃত্যম নৃত্যালয় যদি প্রতি দুই মাস পরপর এ ধরনের কর্মশালার আয়োজন করে, তাহলে সুনামগঞ্জের নৃত্যশিল্পীরা অনেক উপকৃত হবে। অহনাসহ যারা এই আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “আমি যা শিখিয়েছি, শিশুরা মনোযোগ দিয়ে তা আয়ত্ত করার চেষ্টা করেছে এবং ভালো করেছে। এজন্য নৃত্যম নৃত্যালয় ও জেলা শিল্পকলা একাডেমিকে আমি কৃতজ্ঞতা জানাই।”
Reporter Name 























