
রিপোর্টার-নয়ন রায়
খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলার দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, বাহিনীটি নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল খুলনার দিঘলিয়া এবং নড়াইলের কালিয়া থানায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে তেরখাদা উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা সোহেল মোল্যা (৩২) ও সাইফুল মোল্যাকে গ্রেফতার করা হয়। তারা নুরুল ইসলাম শেখ ওরফে নূরে আলম শেখ (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের এবং বোরো ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ—শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলায় পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে নুরুল ইসলাম শেখকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন দুপুর ১টা ২২ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মোস্তফা শেখ বাদী হয়ে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Reporter Name 


























