আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি :
কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আওতাধীন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ELSRP প্রকল্পের অধীনে ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ। তিনি বলেন, “টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে আরও মনোযোগী হতে হবে। কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সরকার ও উন্নয়ন সংস্থাগুলো একযোগে কাজ করছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা এবং ওয়ার্ড মেম্বার মেহেদি হাসান হিরা। তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং কারিতাস বাংলাদেশের এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিভিত্তিক জীবনমান উন্নয়নে কারিতাস বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক জামিল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক উপেন্দ্রনাথ রায়, নিশা রানী দাস ও পলাশ দাস।
কৃষক মাঠ দিবসে বিভিন্ন কৃষি প্রদর্শনী, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসল পরিচর্যা এবং উৎপাদন বৃদ্ধির নানা কৌশল তুলে ধরা হয়। এসময় কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কৃষি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
Reporter Name 






















