
শাব্বির আহমদ,স্টাফ রিপোর্টার খুলনা
খুলনা মেট্রোপলিটন এলাকার খান জাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মো. জাফর (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) সকালবেলা চেকপোস্ট ডিউটি চলাকালীন তাকে আটক করে পথের বাজার পুলিশ ক্যাম্পের একটি দল।
পুলিশ জানায়,
পথের বাজার পুলিশ ক্যাম্পের এসআই (নিশস্ত্র) অয়ন তীর্থ পাইকের নেতৃত্বে এএসআই (নিশস্ত্র) সিকদার মাসুম পারভেজ, এএসআই (নিশস্ত্র) নিরু বিশ্বাস এবং কনস্টেবল (নং ৪৬৮০) অতনু দাস সকালে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।
এ সময় পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে মো. জাফর নামে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে হাতে থাকা ব্যাগ তল্লাশি করলে তার কাছ থেকে ০২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
আটককৃত মো. জাফর বরগুনা জেলার বরগুনা সদর থানার চালিতাতলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Reporter Name 






















