শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ৩, ৪ ও ৫ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণের দিন নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে নাজিমগঞ্জ বাজার কমিটির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনেই ১৩টি পদের বিপরীতে একাধিক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। সকাল ১০টার পর সদস্য পদে মো. হাফিজুর রহমান ও তাঁর প্রতিনিধি দল প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর সভাপতি পদে শেখ নাজমুল ইসলাম বাবু ও তাঁর প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শের আলীসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্যসহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দিনভর বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় বাজারের শত শত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে বাজারের দোকানপাট ও আশপাশের এলাকায়ও আলোচনা চলছে।
নাজিমগঞ্জ বাজার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এ নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। ১৩টি পদে আগামী ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টারা জানান, সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তাঁরা কাজ করে যাচ্ছেন। নির্বাচনের সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
Reporter Name 






















