পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুল হোসেন সাহাপুর পূর্বপাড়ার মৃত আজু প্রামাণিকের ছেলে। আটক ব্যক্তি হলেন তার প্রতিবেশী আবুল বাশার মুন্সি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহাবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সির সজনে গাছের পাতা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার মুন্সিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Reporter Name 






















