
আজিজুল রহমান, বাগেরহাট প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) ২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারী শ্রমিকদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে মুক্ত আলোচনা ও পথনাটকের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ এলাকার মাইটে মসজিদ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে Christian Aid এবং কর্মজীবী নারী (কেএন)।
“নারী শ্রমিকদের অধিকার সচেতনতা কার্যক্রম”-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে নারী শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা, শোভন কর্মপরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের কমিউনিটি সাপোর্ট কমিটির (সিএসসি) সাংস্কৃতিক কর্মী বিকাশ দাশ, কর্মজীবী নারীর কিশোরী সদস্য ও কৃষি নারী সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মিম, রাজীব কুমার সাহা এবং রোমানা খাতুন।
বক্তারা বলেন, নারী শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিও জানান তারা।
আলোচনা শেষে নারী শ্রমিকদের অধিকার ও সামাজিক সচেতনতা বিষয়ক একটি পথনাটক পরিবেশন করা হয়। নাটকটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং নারী শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Reporter Name 
























