
হাকিকুল ইসলাম খোকন:
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এমএ আলীম সরকার দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ও বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমাজ, বিত্তবান ব্যক্তি এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।খবর আইবিএননিউজ ।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে। চট্টগ্রামে চলতি সপ্তাহে বন্যা ও টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশুদ্ধ পানি, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও জাতীয় দায়িত্ব।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, নিরাপদ বিশুদ্ধ পানীয় জল, শুকনো খাবার, চিকিৎসাসেবা, স্যানিটেশন ব্যবস্থা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ, কৃষিঋণ পুনঃতফসিল এবং পুনর্বাসনের কার্যকর কর্মসূচি গ্রহণ করা জরুরি।
এম এ আলীম সরকার আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক বিপর্যয়ের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম ও মানবতার পরিচয়।
তিনি বাংলাদেশ গণমুক্তি পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি সরকারকে সুষ্ঠু, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে ত্রাণ বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
Reporter Name 






















