
মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ভাঙা সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, জামায়াত নেতা হাফিজুর রহমান, ওয়ার্ড সভাপতি মহসিন আলম, হাবিব, জিল্লুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রোস্তম আলী।
উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা মহির উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, কৃষি উন্নয়নে খাল খনন এবং জরুরি সেবার মানোন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় তারা ব্যাপক দুর্ভোগে ছিলেন। এখন উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়ন কাজের উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মো. মেহেদী হাসান ,ভাঙ্গুড়া, পাবনা 
























