
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সাদিক কায়েমের বাবা মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যার উদ্দেশ্যে বসতঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করা হয়েছে। এজাহারভুক্ত তিন আসামি হলেন—খাগড়াছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার রুহুল আমিনের ছেলে মুন্না (২০), মৃত এনামুল হকের ছেলে মো. সাইফ ওরফে পিকু (১৯) এবং দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিকনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক (২০)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে সাতজনকে মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন।
Reporter Name 
























