কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুন্সীগঞ্জ থেকে এক তরুণীকে এনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে মো. মোখলেছুর রহমান মিঠু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানার নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ভুক্তভোগী মোছা. আরশি আক্তারকে উদ্ধার করা হয়। একই সময় মো. মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার আড়ালে বিভিন্ন স্থান থেকে তরুণী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মো. ফুল মিয়া ওরফে ফুলবরসহ কয়েকজন তিন তরুণীকে সেখানে নিয়ে আসেন বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও আরশি আক্তার সেখানে থেকে যান।
ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে সেখানে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে মো. মোখলেছুর রহমান মিঠু, মো. নাইনুল ইসলাম, মো. লিটন মিয়া, মো. আল আমিন ও মো. ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরশি আক্তার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মীরাপাড়া-হাজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী অভিযুক্তদের খুঁজতে নলেয়া রশিদ মোড় এলাকায় যান। সেখানে তাঁদের কাছে টাকা চাইলে তাঁরা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. মোখলেছুর রহমান মিঠু নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্ত অপর চারজন হলেন—মো. নাইনুল ইসলাম, নলেয়া কাজিয়ার মোড় এলাকার বাসিন্দা; মো. লিটন মিয়া, নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা; মো. আল আমিন, নলেয়া কুড়ার পাড় এলাকার বাসিন্দা; এবং মো. ফুল মিয়া ওরফে ফুলবর, দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিজস্ব প্রতিনিধি 
























