পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায়, ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নের ১,০০০ সদস্যকে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণ-সহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “একটি গাছ আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি শিশুকে যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি একটি গাছ লাগানোর পর তারও যথাযথ যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ বড় হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণ-সহনশীল ও পরিবেশবান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
প্রধান অতিথি কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, “গাবুরায় কদবেল, তাল ও তেঁতুল গাছের চারা রোপণ করলে মাটি ক্ষয় রোধ করা সম্ভব। তালগাছ বজ্রপাত নিরোধক এবং পরিবেশবান্ধব। তাই আপনারা বেশি বেশি এ ধরনের চারা রোপণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণ-সহনশীল ও পরিবেশবান্ধব গাছ বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন প্রাথমিক দলের ১,০০০ সদস্যের মাঝে মোট ৩,০০০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে ১,০০০টি তাল, ১,০০০টি কদবেল এবং ১,০০০টি তেঁতুল গাছের চারা।
Reporter Name 
























