মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল বৈধ লিজগ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ের কানুনগো শরিফুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পাকশী রেলওয়ে এস্টেট বিভাগ থেকে পুকুরটি তিন বছরের জন্য বৈধভাবে লিজ নেন আনোয়ার হোসেন বেলাল। তবে লিজ পাওয়ার পরও তিনি দীর্ঘদিন পুকুরটির দখল বুঝে পাননি।
অভিযোগ রয়েছে, পাশের পুকুরসংলগ্ন এলাকায় বসবাসকারী আব্দুল মান্নান নামের এক ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বেলাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলওয়ে প্রশাসন বিষয়টি তদন্ত করে সোমবার বৈধ লিজগ্রহীতার কাছে পুকুরটির দখল বুঝিয়ে দেয়।
দীর্ঘদিন পর নিজের লিজ নেওয়া সম্পত্তির দখল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আনোয়ার হোসেন বেলাল। এদিকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে বৈধ লিজগ্রহীতার অধিকার নিশ্চিত করায় রেলওয়ে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
Reporter Name 























