
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করে পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকায় তাদের আটক করা হয়। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
রাতেই বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছর বয়সী শিশু আয়েশা খাতুন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে বৃষ্টি খাতুন তার শিশুকন্যাকে নিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে রাত ৭টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ওই নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে একজন স্বামী রয়েছেন।”
Reporter Name 

























