সঞ্জয় শীল,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রিয় দল স্পেনের বিজয়ে উচ্ছ্বসিত হয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আকবর হোসেন ওরফে জনি (২৩) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
আহত জনি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে প্রিয় দল স্পেনের জয়ে উচ্ছ্বসিত হয়ে জনি সেজদা দিলে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আকবরের পালক দাদি সেলিনা বেগম (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আকবরের মা নেই। ছোটবেলা থেকে আমি তাকে লালন-পালন করেছি। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শুধু একটি সেজদা দেওয়ার কারণে তাকে এভাবে মারধর করা হবে, তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগকারীদের দাবি, তারা শিগগিরই এ বিষয়ে নবীনগর থানায় মামলা করবেন।
Reporter Name 
























