মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হাতিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকারম বিল্লাহ শাহাদাৎ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাছিব উদ্দিন, মাছউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, উপজেলা বিএনপি নেতা মাসুম, সাবেক উপজেলা যুবদল সভাপতি নুরআলম জসীম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
Reporter Name 

















