প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় পৌঁছাবেন তিনি।
মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
পরে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান।
দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন এবং খুলনা সার্কিট হাউজে যাবেন।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরীর বিভিন্ন দেয়ালে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে। তাকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Reporter Name 






















