আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন— এমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, মজার ছলে দেওয়া সেই পোস্টকে অনেকে সিরিয়াসভাবে নেওয়ায় তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এখন তো অনেক বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না।’
তবে বিয়ের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি পরীমনির বিয়ের ঘোষণাও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
Reporter Name 




























