জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।
এ সময় সন্দেহভাজন জহিরকে আটক করে দেহতল্লাশি চালালে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরের একটি সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আটক জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 

























