মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল রোজারিও অটোরিকশাযোগে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শ্যামল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার পথে রোকেয়া বেগম নামে এক গৃহবধূ অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত রোকেয়া বেগম রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ ইমরান খান জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্যামল রোজারিওকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, রোকেয়া বেগমকে হাসপাতালে আনার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রেফার করার কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
Reporter Name 



























