
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম।
অনুষ্ঠানে ডা. রেজওয়ানা রশিদ জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে।
তিনি আরও বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী ১৯২টি কেন্দ্রের পাশাপাশি পৌরসভা ও ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে মোট ৩১,০৬৬ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন ও ডা. আলামিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।
Reporter Name 



























