বাংলাদেশে প্রথমবারের মতো কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও গায়ক হাসান রহিম। আগামী আগস্টে রাজধানী ঢাকায় একটি কনসার্টে অংশ নেবেন তিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এর অংশ হিসেবে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ ও ‘মেহবুবা’। র্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে তৈরি তার গান তরুণ শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়।
এর আগে ঢাকায় কনসার্ট করেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত ২৪ জুলাই রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেন তিনি।
এদিকে, ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। প্রয়োজনীয় অনুমতি না পাওয়ার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Reporter Name 























