আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নরসিংদী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মরহুম রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে তাঁর বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ ছাড়া দুলালপুর বিলচিনাদী এতিমখানার শিশুরা কোরআন খতমে অংশ নেয় এবং মরহুমের কবর জিয়ারত করে। এতিমখানার শিশুদের জন্য তবারকেরও ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপনের বাবা মরহুম রমিজ উদ্দিন ফকির সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। জীবদ্দশায় তিনি সব সময় মানুষের পাশে দাঁড়াতেন এবং অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
এ ছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মানবিক কর্মকাণ্ড ও জনসেবামূলক অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
Reporter Name 



























