লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
“ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রিম্পি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জাসাস জেলা সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনারও কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে আলোকিত ও অনুপ্রাণিত করে। নজরুলের আদর্শ ও সৃষ্টিকে হৃদয়ে ধারণ করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শনের অন্যতম উপায়।
আলোচনা পর্ব শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টিকে কেন্দ্র করে নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী, শিল্পী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 




























