মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৬ তারিখ রাত পৌনে ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের কোনো মালিক পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Reporter Name 



























