মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর ঈদগাহ মাঠের সামনে আইডি বাগানপাড়া এলাকায় অনলাইনে জুয়া খেলার সময় মো. জিতু (২১) নামে এক যুবককে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জিতু ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা এবং বিভিন্ন বেটিং সাইটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বিভিন্ন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে আসছিলেন। পুলিশ আরও জানায়, তিনি 777BD ও R777 নামে দুটি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া পরিচালনা করছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে এসআই মো. ছাদেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামি মো. জিতু (২১), পিতা—মৃত নুর আলম জনি, মাতা—মোসা. লাকি বেগম। তিনি লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া, রাজপাড়া থানা, রাজশাহী মহানগরের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামতের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে জিতুর বিরুদ্ধে রাজপাড়া থানায় তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। মামলাগুলো হলো—
১. রাজপাড়া থানার মামলা নং-৩০, তারিখ: ১৬/৬/২০২৪ খ্রিঃ, ধারা—৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২. রাজপাড়া থানার মামলা নং-৩২, তারিখ: ২৪/৯/২০২২ খ্রিঃ, ধারা—৩৬(১) সারণির ০৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৩. রাজপাড়া থানার মামলা নং-১৭, তারিখ: ৩০/৩/২০২৩ খ্রিঃ, ধারা—৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬(২)।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন ও রেফারেন্সের মাধ্যমে জুয়ার লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে জুয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করছে। এর ফলে দেশের তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে বিপথগামী হচ্ছে।
তিনি আরও বলেন, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় অপরাধে গ্রেপ্তারকৃত জিতুর বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অনলাইন জুয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


























