সুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসপাতালে নেওয়ার প্রায় দু’আড়াই ঘণ্টা আগে তিনি মারা গেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমা আক্তারের সঙ্গে দেড় বছর আগে একই এলাকার আব্দুর সামাদের ছেলে কয়েছ মিয়ার বিয়ে হয়। তাদের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর আগেই স্বামীসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়।নিহতের বোন সাবিনা আক্তার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন, যদিও স্বামী এটিকে আত্মহত্যা বলছেন।দিরাই থানার এসআই সোহেল সিকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার মত ধারণা পাওয়া গেছে; তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।