
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
‘এক শহর এক স্বপ্ন’ এই স্লোগানকে সামনে রেখে মোশারফ ফাউন্ডেশনের ধারাবাহিক সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে উদ্যোগে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকায় (পুলিশ বক্সের সামনে) একটি আধুনিক ও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে এর উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।
এসময় তিনি বলেন, চাঁদপুর শহরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ স্থান হলো এই শপথ চত্বরে এলাকা। এখানে প্রতিদিন বিভিন্ন যানবাহনের চালক, শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রেল স্টেশনে যাত্রীসহ নানান পেশার পথচারীদের সমাগম ঘটে। এই গরমে তারা তৃষ্ণার্ত হলে বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন দেখা দেয়। তখন সবার পক্ষে ২০ টাকায় এক বোতল পানি কিনে খাওয়া সম্ভব হয় না। বিষয়টি উপলব্ধি করতে পেরে আমি এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ইলেকট্রিক পানির ফিল্টার স্থাপন করেছি। পর্যায়ক্রমে চাঁদপুরের সবগুলো জনবহুল ও জনগুরুত্বপূর্ণ স্থানে এরকম পানির ফিল্টার স্থাপন করা হবে।
চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, একজন মানুষ হিসেবে সামাজিক ও মানবিক দায়বোধ থেকে আমি এই কাজগুলো করছি। আমি মনে করি আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই ধরনের সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসা উচিত। এতে করে ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হবেন, তারাও সত্যিকার ভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। আমার একটাই স্বপ্ন, সবাই মিলে একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণ করা।
এ সময় দলীয় নেতাকর্মী ও সূধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























