মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের লিটন হোসেনের ছেলে আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। তিনি সয়াবিন তেল, কস্টিক সোডা ও চিনি মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করতেন। পরে ওই ভেজাল দুধের সঙ্গে ননি উঠানো নিম্নমানের দুধ মিশিয়ে চিলিং সেন্টারে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে বাজারজাত করা হতো।
এনএসআইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লিটনের ফ্যাক্টরি থেকে ১০০ লিটার সয়াবিন তেল জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
উল্লেখ্য, গত এক বছরে ভাঙ্গুড়ায় অন্তত ১০ জন ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
Reporter Name 



























