
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা সবুজ বাংলা একাডেমির শিক্ষার্থী মোছাঃ সিদরাতুল মুনতাহা লামিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকার জন্য বিরল গৌরব বয়ে এনেছে।
তৃতীয় শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী তার অসাধারণ ফলাফলের মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। লামিয়ার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
একাডেমির পরিচালক হাফেজ ক্বারী মো. এখলাছুর রহমান জানান, লামিয়ার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারও প্রতিফলন। তার কৃতিত্বে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
লামিয়ার পিতা শাহ-আলম কাজল কন্যার এ কৃতিত্বে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পুরাইকলা সবুজ বাংলা একাডেমি, পুরাইকলা, বাঘাসুরা, মাধবপুর, হবিগঞ্জ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
একাডেমির এ ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন এলাকাবাসীরা।
Reporter Name 

























