চাঁদপুরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, চাঁদপুর সদর থানার বড় স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির লাগেজ ও ব্যাগ তল্লাশি করে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক বহনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


























