তৌফিক আলম চৌধুরী || বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি:
মানবসেবা ও প্রবাসীদের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, দোয়া মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী আব্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাকাল ১০ জুলাই, ২০১৯ স্মরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, একটি অরাজনৈতিক, কল্যাণমূলক ও মানবিক সংগঠন হিসেবে বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম প্রবাসীদের ঐক্যবদ্ধ করে দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণে তাদের এ উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়।
এ সময় উপস্থিত ছিলেন আবদুর রহমান, মো. ইলিয়াছ মিয়া, মো. সরোয়ার ভূইয়া, মো. জয়নুল আবেদীন, মো. মহিউদ্দিন, মো. রাসেল, মো. মিজানুর রহমান, মো. মীর কামালসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু জাফর বলেন,
“প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। কাজের ব্যস্ততার মাঝেও নিজ ইউনিয়নের অসহায় মানুষদের কল্যাণে তারা যেভাবে সংগঠিত হয়েছেন, তা অত্যন্ত অনুকরণীয়। বরকল ইউনিয়নের প্রতিটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এই প্রবাসী ফোরাম আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী আব্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পরে প্রবাসী সদস্য, দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























