মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৪ আগস্ট ২০২৬ ইং, সোমবার দুপুর ১২টায় বামনডাঙ্গা ইউনিয়নের পরিষদ পাড়া এলাকায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আব্দুস ছোবহান, ওয়াপদা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন, আরডিআরএসের প্রতিনিধি মোঃ ফরিদ হোসেন, যুব ফোরামের সদস্য বিকাশ, বামনডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরনবী মিয়াসহ আরও অনেকে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার গ্যাব্ররিয়াল শিকদার, প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর হান্নান আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন বিষয় উঠে আসে।
সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
Reporter Name 
























