
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
মাত্র ১০ টাকা হাতে নিয়ে ১৪ বছর বয়সে মাদারীপুরের শিবচর থেকে ঢাকার পথে পা রেখেছিলেন বাদশা মিয়া। ১৯৭৫ সালের সেই কিশোর আজ দেশের বস্ত্র ও পোশাকশিল্পের একজন সফল উদ্যোক্তা।
তাঁর প্রতিষ্ঠিত শিল্পকারখানায় কর্মসংস্থান হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। আর তাঁর শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে বদলে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা ও আশপাশের এলাকার অর্থনীতি।
মাধবপুরের হরিতলা এলাকায় গড়ে উঠেছে বাদশা পাইওনিয়ার গার্মেন্টস ও পাইওনিয়ার ডেনিম। এসব শিল্পপ্রতিষ্ঠানে দূর-দূরান্ত থেকে শ্রমিক ও কর্মজীবী মানুষের আগমন ঘটায় এলাকায় বেড়েছে মানুষের বসতি। একই সঙ্গে বাড়ছে বাসাবাড়ির চাহিদা, জমির মূল্য এবং ভাড়া। শিল্পকারখানাকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন নতুন দোকানপাট, খাবারের হোটেল, পরিবহনসহ নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও হরিতলার অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল তুলনামূলক সীমিত। কিন্তু শিল্পকারখানা প্রতিষ্ঠার পর বদলে গেছে সেই চিত্র। কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয়ভাবে অর্থের প্রবাহ বেড়েছে। অনেক পরিবার বাসা ভাড়া দিয়ে আয় করছে, কেউ ছোট ব্যবসা শুরু করেছেন, আবার কেউ কারখানায় চাকরি করে নিজের ও পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন।
বাদশা মিয়ার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটিও সংগ্রামের। পারিবারিক আর্থিক অনটনের কারণে মাত্র ১৪ বছর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হন তিনি। হাতে ছিল মাত্র ১০ টাকা। সেই টাকা নিয়েই মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় পাড়ি জমান।
পরে নারায়ণগঞ্জের টানবাজারে সুতা ব্যবসার মাধ্যমে শুরু হয় তাঁর কর্মজীবন। মাত্র এক বান্ডিল সুতা বাকিতে কিনে বিক্রি করে প্রথমবার লাভ করেন ৪ টাকা। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে থাকেন। ১৯৭৬ সালে নেন পাইকারি সুতা বিক্রির লাইসেন্স। ১৯৮৩ সালে একাধিক বস্ত্রকলের সুতা বিক্রির একক এজেন্ট হওয়ার পর তাঁর ব্যবসা আরও বিস্তৃত হয়।
পরবর্তীতে সুতা ব্যবসার পাশাপাশি পোশাক ও বস্ত্রশিল্পে বিনিয়োগ করেন বাদশা মিয়া। ১৯৯৯ সালে নারায়ণগঞ্জের পঞ্চবটীতে পোশাক কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে পোশাকশিল্পে প্রবেশ করেন তিনি। পরে কারখানাটি ভালুকায় স্থানান্তর করা হয়। ২০০৩ সালে ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠা করেন বস্ত্রকল।
এর ধারাবাহিকতায় ২০১৬ সালে হবিগঞ্জে প্রায় আড়াইশ বিঘা জমির ওপর গড়ে তোলেন ডেনিম উৎপাদন কারখানা। এতে বিনিয়োগ করা হয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। বর্তমানে বাদশা মিয়ার চারটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের।
প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও রপ্তানি কার্যক্রম দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। বাদশা টেক্সটাইল ও কামাল ইয়ার্ন টানা পাঁচবার রপ্তানি ট্রফি অর্জন করেছে বলে জানা গেছে।
স্থানীয়দের কাছে হরিতলার পরিবর্তনের অন্যতম বড় দৃষ্টান্ত এখন এসব শিল্পপ্রতিষ্ঠান। কারখানাগুলোকে ঘিরে শুধু চাকরির সুযোগই তৈরি হয়নি, বরং আবাসন, খাবার, পরিবহন, মুদি দোকানসহ নানা খাতে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয়েছে। ফলে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন দেখছেন এলাকার মানুষ।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শিল্পকারখানা প্রতিষ্ঠার আগে যেসব জায়গায় সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য ছিল, এখন সেখানে মানুষের চলাচল ও বেচাকেনা অনেক বেড়েছে। অনেকে বাড়িতে অতিরিক্ত কক্ষ নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। কেউ আবার নতুন দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছেন। ফলে শিল্পায়নের সুফল সরাসরি স্থানীয় অর্থনীতিতেও পড়ছে।
বাদশা মিয়ার দর্শনও ব্যতিক্রমী। তিনি মনে করেন, প্রতিষ্ঠানকে টেকসই করতে হলে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বয়স ষাট পেরোলেও তিনি নিয়মিত কারখানায় সময় দেন এবং উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁর লক্ষ্য—গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো যেন দীর্ঘদিন টিকে থাকে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
এই লক্ষ্যেই দুই ছেলে কামাল উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন আহমেদকে ব্যবসার সঙ্গে যুক্ত করেছেন তিনি।
মাত্র ১০ টাকা হাতে নিয়ে যে কিশোর একদিন জীবনের অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছিলেন, আজ তাঁর প্রতিষ্ঠান হাজার হাজার মানুষের জীবিকার ভরসা। মাধবপুরের হরিতলা তাই শুধু একটি শিল্পাঞ্চল নয়—এটি একজন উদ্যোক্তার দীর্ঘ সংগ্রাম, পরিশ্রম এবং শিল্পায়নের মাধ্যমে একটি এলাকার অর্থনৈতিক পরিবর্তনেরও উদাহরণ।
১০ টাকার সেই বাদশা আজ ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের ভরসা। আর তাঁর শিল্পপ্রতিষ্ঠানকে ঘিরে হরিতলাসহ আশপাশের এলাকায় তৈরি হয়েছে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা।
Reporter Name 
























