হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্কাউটসের ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. নাজির উদ্দিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রোভার স্কাউট লিডার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফিরোজ মাহমুদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডি. এম. ফারুক রহমান দেওয়ান, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু কুমার সরকার, রসায়ন বিভাগের প্রভাষক এস. এম. সারোয়ার, গণিত বিভাগের প্রভাষক মো. আবু তারেক এবং কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইম।
এছাড়া সাপাহার সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের এ ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হারুনুর রশিদ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মোবাইল: ০১৭১৯৫৪৩৮৩৩
৩০ আগস্ট ২০২৬
Reporter Name 
























