চাকরিচ্যুতদের পুনর্বহাল ও সন্ত্রাস-চাঁদাবাজি-ধর্ষণ বন্ধে ব্যর্থ হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার,
রোজিনা
জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, ব্যাপক চাকরিচ্যুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এসব বিষয়ে সরকারের নীরব ভূমিকার সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী বলেন, মূল্যবৃদ্ধির চাপে জনগণকে পিষ্ট করার পাশাপাশি কর্মসংস্থান সংকুচিত করে হাজার হাজার মানুষকে বেকার করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিচ্যুত প্রায় ১০ হাজার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। যোগ্য ও নিরপরাধ ব্যক্তিদের পুনর্বহাল এবং তাঁদের ন্যায্য বকেয়া পরিশোধের ব্যবস্থা করতে হবে।
মতিঝিলে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে কাজী মহসীন চৌধুরী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। হামলার সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রভাব বিবেচনা না করে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ১৪ সেপ্টেম্বর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডসহ হত্যা, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনায় জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও অন্যান্য অপরাধ বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত নিষ্পত্তি এবং তাঁদের মধ্যে যোগ্য ও নিরপরাধ ব্যক্তিদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে।
বিএসপির পক্ষ থেকে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
Reporter Name 
























