সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে প্রার্থীরা ভোটার, তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে জানা যায়, ইউনিয়ন বিএনপির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন। পরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে সরাসরি ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন। এসব কর্মসূচিতে তাঁরা দলের প্রতি নিজেদের অতীত অবদান, সাংগঠনিক ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোট ও সমর্থন চাইছেন।
প্রার্থীদের পাশাপাশি তাঁদের সমর্থকরাও প্রচারণায় সক্রিয় রয়েছেন। বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার লাগানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচারণা। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রার্থীদের পক্ষে পোস্টার ও প্রচারসামগ্রী শেয়ার করে ভোট ও দোয়া কামনা করা হচ্ছে।
দীর্ঘদিন পর দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতৃত্ব নির্বাচিত হয়ে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।
প্রার্থীরা ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তৃণমূলের ভোটার ও কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রার্থিতার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বলেন, “দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর শনিবার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, একটি স্বচ্ছ ও দক্ষ কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবে।”
সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। আগামী ৩ অক্টোবরের সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
Reporter Name 






















