মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নে কিশোর-কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জামবাড়ীয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
“শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা—বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী”—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সভায় নেতৃত্ব দেন জামবাড়ীয়া ইউনিয়নের ইউনিয়ন দলনেতা শাহাদাত হোসেন ও ইউনিয়ন দলনেত্রী মরিয়ম খাতুন। এ সময় আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কিশোর-কিশোরীদের নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের কুফল এবং এসব অপরাধ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি এসব অপরাধের শিকার বা সম্মুখীন হলে কীভাবে নিরাপদে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যায়, সে বিষয়েও তাদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় কিশোর-কিশোরীদের উদ্দেশে বলা হয়, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং কিংবা অন্য কোনো সামাজিক অনিয়মের ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা বা দলনেত্রীকে অবহিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সমাজ থেকে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে কিশোর-কিশোরীসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি হবে।
Reporter Name 
























