রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠ থেকে রাজা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজা পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমান বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে সেখানে ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছিল বলে স্থানীয়রা জানান।
সানাউল্লাহ বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা কৃষকেরা সেখানে ছুটে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটির গলায় মাছ ধরার জাল প্যাঁচানো ছিল। এছাড়া মাথা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে শিয়ালের আক্রমণের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রাইমসিন টিমের পরিদর্শন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Reporter Name 



















