রিয়াজুল হক সাগর, রংপুর
লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভুট্টা এখন জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে লালমনিরহাটের ভুট্টাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়সংলগ্ন এলাকায় ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে চত্বরটি নির্মাণ করা হচ্ছে।
ত্রাণমন্ত্রী বলেন, ‘ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর’—এই স্লোগানকে ধারণ করে জেলার কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিতে হবে। ভুট্টা চত্বর নির্মাণের উদ্যোগের মাধ্যমে লালমনিরহাটের কৃষি ও ভুট্টা চাষের ঐতিহ্যকে তুলে ধরা হবে।
তিনি বলেন, তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকায় ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিপুলসংখ্যক কৃষক ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। উৎপাদন, মাড়াই, শুকানো ও সংরক্ষণের মতো বিভিন্ন কাজে গ্রামীণ নারীরাও যুক্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
কৃষকের উৎপাদিত ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করতে শুধু উৎপাদন বাড়ানো যথেষ্ট নয় উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভুট্টার গুণগত মান ও উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্র্যান্ডিং করা গেলে দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও লালমনিরহাটের ভুট্টার পরিচিতি বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
‘ভুট্টা চত্বর’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি শুধু সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা নয়; লালমনিরহাটের কৃষি, ভুট্টা চাষ এবং কৃষকের অবদানকে তুলে ধরার একটি প্রতীক হিসেবেও কাজ করবে। নির্মাণকাজ শেষ হলে চত্বরটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
Reporter Name 
























