মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেছেন, সারা দেশের মতো সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালকেও দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, এ কাজে র্যাব, ডিজিএফআই, এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারাদেশে কাজ করছে।
এমপি নুরুল ইসলাম আরও বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা ও খাবারের মানসহ সার্বিক বিষয়ে নজরদারি করা হচ্ছে। হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ, সহকারী পরিচালক সুমন রায়, বিএনপি নেতা আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, আতম মিছবাহ, জুয়েল মিয়া, মুর্শেদ আলম, আব্দুর রহিম, ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. সুজিত সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী কয়েসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
Reporter Name 
























