কক্সবাজার সমুদ্রসৈকত ঘুরে স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে হোটেলে ফেরার পথে ওড়না চাকায় পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি স্থানীয় ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন
পরিবার সূত্রে জানা যায়, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বৌসহ ফুফির পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন সীমা।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে বড় আলমপুর থেকে ১৫ জনের একটি দল কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সকালে তারা সবাই মিলে সুগন্ধা সৈকতে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার প্রতিনিধি 






















