বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার ছাদে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করাও। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী হবেন।
রোববার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি উদ্যোগ। এখন দেখার বিষয়, এই উদ্যোগ সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে কতটা অনুপ্রাণিত করে।
রুমানা মাহমুদ আরও বলেন, তিনি আশা করেন, জনগণ উৎসাহিত হয়ে নিজেদের বাড়িতে সোলার প্যানেল স্থাপন করবেন এবং বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখবেন। এতে দেশের পাশাপাশি মানুষেরও উপকার হবে।
সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। এতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি জ্বালানি নিরাপত্তাও জোরদার হবে।
Reporter Name 
























