
সুনামগঞ্জ প্রতিনিধি:
নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে পরিচালিত সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।
সামাজিক নিরীক্ষার মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং এসব বিষয়ে নাগরিকদের মতামত ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
ইরা মনে করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে কার্যকর সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নারী শিক্ষা, কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 





















