আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন— এমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর এবার সেই ‘বিয়ে’ প্রসঙ্গেই নতুন পোস্ট দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেন এবং তাকে বিয়ের প্রস্তাবও পাঠান।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি জানান, মজার ছলে দেওয়া সেই পোস্ট নিয়ে তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন। তিনি বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি, তাই এবার বিষয়টি এত বড় আলোচনায় পরিণত হবে, তা ভাবেননি।
তবে বিয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক। ছেলে যদি অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। আর সেই হারের পরই ‘বিয়ে’ প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে নতুন বার্তা দিলেন পরীমনি।
Reporter Name 



























